শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ল ভারত
স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯০
রানে জয় পেয়েছিল ভারত। ক্রিকেটের এ ফরম্যাটে ওটাই ছিল ভারতের সবচেয়ে বড়
ব্যবধানে জয়ের রেকর্ড। তবে গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৩ রানে জিতে
টি-টোয়েন্টিতে নিজেদের নতুন রেকর্ড গড়ল ভারত।
কটাকে টস হেরে আগে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট
হারিয়ে ১৮০ রান করে। জবাবে ১৬ ওভারে মাত্র ৮৭ রান তুলতেই অলআউট হয়ে যায়
শ্রীলঙ্কা।
জয়ের জন্য ১৮১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় শক্তিশালী বোলিংয়ের
সামনে প্রতিরোধ গড়তে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৩
রান করেন ওপেনার উপল থারাঙ্গা। কুশাল পেরেরার ব্যাট থেকে আসে ১৯ রান।
বাকিদের হয়ে আর কেউ ২০ রানের কোঠা পার হতে না পারায় দলীয় শতরানেও পৌঁছা
সম্ভব হয়নি সফরকারীদের।
বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট তুলে নেন লেগ স্পিনার যুভেন্দ্র
চাহাল। ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। এ ছাড়া ২টি উইকেট পান কুলদ্বীপ
যাদব।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনার লোকেশ রাহুলের বড় ইনিংসে ভর করে বড় পুঁজি
পায় ভারত। ৪৮ বলে ৭ চার ও একটি ছক্কায় ৬১ রান করেন তিনি। শেষ দিকে ধোনি ৩৯ ও
মানিশ পান্ডে ৩২ রান করেন।

কোন মন্তব্য নেই