যুক্তরাষ্ট্রে ফ্লাইওভারের ওপর ট্রেন লাইনচ্যুত : নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ছিটকে
নিচের ব্যস্ত রাস্তায় পড়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন।
তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় ভোর ৬টায় ট্রেন৫০১ সিয়াটল থেকে রওনা হয়ে দক্ষিণে
পোর্টল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। নতুন, সংক্ষিপ্ত এ রুটে এটিই ছিল
যাত্রীবাহী ট্রেনটির প্রথম যাত্রা। এর আগে এ রুটে শুধু মালবাহী ট্রেন চলাচল
করত। 
ওয়াশিংটন স্টেট পেট্রলের মুখপাত্র ব্রুক বোভা জানিয়েছেন, ট্রেনটির ১৪টি
বগির মধ্যে ১৩টি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে ৭৭ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিল
বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মহাসড়কে পড়া বগির আঘাতে ৫টি গাড়ি ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহাসড়কটিতে রেলসেতুর ভাঙা অংশ ও গাছের ভেঙে পড়া ডাল ছড়িয়ে ছিটিয়ে আছে।
গাড়ি ও ট্রাকের কয়েকজন আহত হলেও কেউ মারা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক সংবাদ সম্মেলনে বোভা বলেন, ‘এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। অনেক আহতও গুরুতর আঘাত পেয়েছেন।’ 
ট্রেনটির সবগুলো বগিতে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ট্রেনটির একজন যাত্রী ক্রিস কারেন্স বলেন, ‘যাত্রীরা ভীষণ আতঙ্কগ্রস্ত
হয়ে পড়েছিল। আমরা যেই মাত্র ডুপন্ট পেরিয়েছি, মনে হলো আমরা একটি বাঁকের
মধ্যে দিয়ে যেতে শুরু করলাম আর হঠাৎই প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। আর মনে
হলো যেন আমরা আচমকা একটি পাহাড়ের ওপর থেকে পরে যাচ্ছি।;
জাতীয় নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই