আজ বিজিবি দিবস
ঢাকা: আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস।
এ দিবস উপলক্ষে রাজধানীর পিলখানা বিজিবির সদর দফতর এবং সব রিজিয়ন, বর্ডার
গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, সব সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে
ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বুধবার সকাল ৮টায় বাহিনীর
রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে
দিনের কর্মসূচির সূচনা করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজ সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন এবং
অভিবাদন গ্রহণ করবেন তিনি। এ সময় বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ
অবদানের জন্য কর্মকর্তা ও সদস্যদের পদক দেবেন তিনি।
পরে দুপুরে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের
দরবার গ্রহণ করবেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছে, বিজিবি দিবসের
কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, উচ্চ পদস্থ সামরিক ও
বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত থাকবেন।
ভারত ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের
অব্যাহত বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা উন্নয়নের নিদর্শন
হিসেবে এবারই প্রথমবারের মতো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি
ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক কৃষান কুমার শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের
প্রতিনিধিদল এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ
(বিজিপি)-এর কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ইন্ট তোয়ের নেতৃত্বে ছয়
সদস্যের প্রতিনিধিদল বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি
টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কোন মন্তব্য নেই