কেশবপুরে পান চাষে ঝুঁকে পড়ছেন কৃষক


আব্দুল মজিদ, কেশবপুর ( যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পান চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা নতুন করে পান চাষের দিকে ঝুঁকে পড়ছেন। এলাকাসহ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে পান। কৃষি অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ উপজেলার ১১ ইউনিয়নে ১৪৪টি গ্রামে অনেক কৃষক পান চাষ শুরু করছেন। বর্তমানে উপজেলা ব্যাপী ২৪৭ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। বায়সা, ব্রক্ষ্রকাটি, পাঁজিয়া, কলাগাছি, সাগরদাড়ি, ফতেপুর, সাতবাড়িয়া, ত্রিমোহীনি, হাসানপুর, মঙ্গলকোট, আলতাপোল, মধ্যকুল, রামচন্দ্রপুর, গড়ভাঙ্গা, বেলকাটি, নুড়িতলা ও মজিদপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা লাভের আশায় পান চাষে নেমে পড়েছেন। গত বছর জলাবদ্ধতার কারণে অনেকের জমিতে পান নষ্ট হওয়ার কারণে কৃষকরা ক্ষতির সম্মুখিন হয়েছিলেন। এবছর জলাবদ্ধতা না থাকায় পান চাষীরা অধিক লাভবান হবেন বলে মনে করছেন। মজিদপুর গ্রামের রেজাউল ও নজরুল, বায়সা গ্রামের সন্তোষ ঘোষ, ব্রক্ষকাটি গ্রামের তারিফ মোড়ল, রামচন্দ্রপুর গ্রামের নুরুল সরদার, মঙ্গলকোট গ্রামের প্রদেশ, পাঁজিয়া গ্রামের আমিনুর রহমান, সাগড়দাড়ি গ্রামের আফসার আলীসহ অনেক পান চাষীরা বলেন, গত বছরে জলাবদ্ধতার কারণে পান পঁচে নষ্ট হয়ে যায়। ফলে আমরা ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছিলাম। এবছর জলাবদ্ধতা না থাকায় ফলন ভালো হওয়ায় লাভের আশা করছি। অনেক টাকা খরচ হলেও পান বিক্রয় করে আনন্দ পাচ্ছি। আমাদের উৎপাদিত পান যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, সীমাখালি, সৈয়দপুর, দিনাজপুর, সিলেট, চিটাগাং, ঢাকাসহ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে বলে শোনা যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.