কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম



আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার পরবর্তী মেয়র হিসেবে রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিযুক্ত করা হচ্ছে।  একইভাবে ডেপুটি মেয়র হিসেবে আনা হচ্ছে অতিন ঘোষকে।

দুদিন আগে রাজ্য সরকারের আবাসন ও দমকল দফতর থেকে ইস্তফা দিয়েছিলন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।  আজ বৃহস্পতিবার(২২ নভেম্বর) দুপুরে কলকাতার মেয়র পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন।

মঙ্গলবার নবান্নের একটি অনুষ্ঠানের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোভনকে ধমক দিয়েছিলেন।

তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে সমালোচনা উঠছিল।  সেই সব বিষয়ে মুখ্যমন্ত্রীর এমন প্রকাশ্যে ধমকের কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দেন দুটি গুরুত্বপূর্ণ দফতর থেকে।

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেয়র পদ থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন।  সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকেও ইস্তফাপত্র পাঠান কলকাতা পৌরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে।

এ বিষয়ে মালা রায় জানিয়েছেন, তিনি শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।    

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সূত্র নিশ্চিত করছে, কলকাতার পরবর্তী মেয়র হিসেবে রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিযুক্ত করা হচ্ছে। একইভাবে ডেপুটি মেয়র হিসেবে আনা হচ্ছে অতিন ঘোষকে।

কলকাতা পৌরসভার ইতিহাসে সংখ্যালঘু মেয়রের ষষ্ঠতম জায়গা পেলেন ফিরহাদ হাকিম।  এর আগে আবুল কাশেম ফজলুল হক,  এ কে এম জাকারিয়া, আব্দুর রহমান সিদ্দিকি, সাইদ বদরুদ্দোজা কলকাতার মেয়র ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.