লিবিয়ায় আইএসের হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর তাজেরবোতে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হামলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে।
দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, চরমপন্থি দলের সদস্যরা বেসামরিক লোক ও একজন নিরাপত্তা প্রধানসহ আরও ১১ জনকে ‘অপহরণ’ করেছে। হামলাকারীরা মরু নগরীর একটি থানায় হামলা চালায়।
ন্যাশনাল লিবিয়ান আর্মির (এএনএল) স্বঘোষিত প্রধান খলিফা হাফতার বাহিনী তাজেরবো মরু অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
রাজধানী ত্রিপোলীর প্রতিদ্বন্দ্বী প্রশাসন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফায়েজ আল সাররাজ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। হাফতার অনুগত বাহিনীকে লক্ষ্য করে এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালানো হলো।
অক্টোবরে মধ্যাঞ্চলীয় কুফরায় আইএসের হামলায় প্রথম হামলায় অন্তত ৫ জন নিহত হয়।
আগস্ট মাসে অপর এক হামলায় এএনএল এর ৯ সদস্যসহ ১১ জন নিহত হয়। আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফিকে উচ্ছেদ ও হত্যার পর থেকে লিবিয়ায় ক্ষমতার লড়াই, অস্থিরতা, নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে এবং দেশটি সর্বোপরি জিহাদিদের জন্য একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
খবর এএফপি

কোন মন্তব্য নেই