পোপ ফ্রান্সিস রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনবেন



ঢাকা:  ৩০ নভেম্বর- আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের নেতা পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে। শান্তি ও সংহতির বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এটি পোপের রাষ্ট্রীয় সফর। পোপ ঢাকায় আসার আগে মিয়ানমার সফর করেন।
ঢাকা সফরকালে পোপ ফ্রান্সিস রোহিঙ্গাদের কথা শুনবেন। শুক্রবার (১ ডিসেম্বর) ১৫ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবে। এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন। 
এ সফরের সঙ্গে যুক্ত একজন কূটনীতিক বলেন, ‘শুক্রবার পোপ আর্চবিশপ হাউসে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় রোহিঙ্গারাও উপস্থিত থাকবেন। এ বৈঠকের পরে তিনি আলাদাভাবে রোহিঙ্গাদের কথা শুনবেন। 
রাখাইনে ২৫ আগস্ট রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রতি সহমর্মিতা জানান পোপ ফ্রান্সিস। 
রোহিঙ্গাদের উপর নির্যাতনের এমন ঘটনার পর ২৭ আগস্ট তিনি সেন্ট পিটারস স্কয়ারে তীর্থযাত্রী ও পর্যটকদের উদ্দেশে বলেন, ‘আমাদের কাছে খারাপ খবর এসেছে যে, আমাদের রোহিঙ্গা ভাই ও বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ঈশ্বরের কাছে তাদের রক্ষার জন্য প্রার্থনা করছি।’
তথ্যসূত্র: বিডিলাইভ২৪

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.