রসিকের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

http://cnnbangladesh.com/wp-content/uploads/2016/12/resize62238.jpg

রংপুর প্রতিনিধি- কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোট দেওয়া শেষে শুরু হয়েছে গণনা।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। তবে দুয়েক কেন্দ্রে এখনও ভোটার থাকায় ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেশির ভাগ কেন্দ্রে ভোট গণনা চলছে।
নির্বাচনে শীতের কারণে সকাল থেকে ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। বুথগুলোর সামনে ছিল নারী ও পুরুষের দীর্ঘ লাইন।
দলীয় প্রতীকে রংপুর সিটিতে এটিই প্রথম নির্বাচন। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের প্রধান বিরোধী দল-বিএনপি ও এরশাদের জাতীয় পার্টির তিন প্রভাবশালী প্রার্থী দলীয় প্রতীক নিয়ে লড়ছেন। তারা প্রত্যেকে সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচন ও কারচুপি না হলে জয়ের ব্যাপারে আশার কথা জানিয়েছে। এছাড়া রসিকে আরও ৪জন প্রার্থী রয়েছেন মেয়র পদে।
ভোট শুরুর পর বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন।
এদিকে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাতে দলীয় নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে ভয়-ভীতি দেখানো হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিএনপি প্রার্থীর সঙ্গে বিমাতাসুলভ আচরণের কথা বলেছেন রিজভী।
অপরদিকে, আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু জাতীয় পার্টিকে ইঙ্গিত করে ভোটকেন্দ্রের আশপাশে বাঁশের লাঠি রাখার অভিযোগ করেন। সেই সাথে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।
এরশাদ ও তার প্রার্থী মোস্তফা কারো বিরুদ্ধে কোনও অভিযোগ না তুলে নির্বাচনে বিপুল ভোটে জয়ের কথা জানিয়েছেন নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে।
এদিকে রসিকের ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের সিইসি বলেন, যে তথ্য পাওয়া গেছে, তাতে নির্বাচনের পরিস্থিতি বেশ সন্তোষজনক।
রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটারদের কাছ থেকে খুব ভালো সাড়া পাওয়া গেছে। রিটার্নিং অফিসার বলেছেন, ভোটাররা খুশি। তারা নিজের ভোট নিজে দিতে পারছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.