ভারতে খ্রিস্টানদের বড়দিন পালনে কট্টরপন্থি হিন্দুদের বাধা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনে
বিভিন্ন কট্টরপন্থি হিন্দু গোষ্ঠীর দিক থেকে বাধার মুখে পড়ছে বলে অভিযোগ
উঠেছে।
মধ্যপ্রদেশের সাতনায় গত সপ্তাহে ক্রিসমাস ক্যারল গাওয়ার সময় বজরং দলের
কর্মীরা একদল খ্রিস্টানের ওপর হামলা চালায় ও পুলিশ পরে ওই গায়কদেরই
গ্রেফতার করে।
গতকাল সোমবার হিন্দু জাগরণ মঞ্চ নামে আর একটি সংগঠন উত্তরপ্রদেশের আলিগড়ে
বলেছে, স্কুলে হিন্দু ছাত্রদের কিছুতেই বড়দিন পালনে শামিল করা যাবে না।
এ ধরনের নানা ঘটনার পটভূমিতে ভারতে ক্যাথলিক বিশপদের সর্বোচ্চ সংগঠন মনে
করছে, বড়দিন পালনের ক্ষেত্রে তাদের এই ধরনের হুমকিতে আগে কখনো পড়তে
হয়নি।
মধ্যপ্রদেশের সাতনা জেলায় ৪-৫ দিন আগে গ্রামের রাস্তায় ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে যাচ্ছিলেন দুজন যাজক-সহ একদল খ্রিস্টান। 
আচমকাই উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কিছু লোকজন তাদের রাস্তা আটকে অভিযোগ
তোলে, তারা এলাকায় ধর্মান্তরণ করছেন। পুলিশ এসে ওই খ্রিস্টানদেরই
গ্রেফতার করে, হামলাকারীরা তাদের একটি গাড়িও জ্বালিয়ে দেয়।
এ ঘটনার তীব্র প্রতিবাদ করে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া বলেছে,
দেশের নানা প্রান্তে এ ধরনের ঘটনা তাদের গভীরভাবে বিচলিত করে তুলেছে।
মধ্যপ্রদেশের ওই ঘটনায় পুলিশ ৬ জন ক্যারল গায়কের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২৯৫-এ ধারায় চার্জও এনেছে।
এদিকে দেশের আর এক বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশের আলিগড়ে হিন্দু জাগরণ
মঞ্চ নামে আর একটি হিন্দুত্ববাদী সংগঠন বিভিন্ন স্কুলে স্কুলে রীতিমতো
নোটিশ পাঠিয়ে নির্দেশ জারি করেছে - বড়দিন উপলক্ষে হিন্দু বাচ্চাদের যেন
স্কুলের কোনো উৎসবে শামিল না করা হয়।
শুধু সাধারণ খ্রিস্টানরাই নয়, মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী
দেবেন্দ্র ফাডনবিসের স্ত্রী পর্যন্ত দিনকয়েক আগে বড়দিন থিমে আয়োজিত একটি
চ্যারিটি ইভেন্ট সাপোর্ট করে সোশ্যাল মিডিয়াতে তোপের মুখে পড়েছিলেন।
ভারতের প্রায় আড়াই কোটি খ্রিস্টানও দুর্ভাবনায় পড়েছেন, তাদের বড়দিন এবারে নির্বিঘ্নে কাটবে কি না।

কোন মন্তব্য নেই