শাস্তি দিতে ৪ বছরের শিশুকে গরম কড়াইয়ে বসিয়ে দিলেন মা!
বিজয় ডেস্ক: চার বছরের মেয়েকে শাস্তি দিতে তাকে গরম কড়াইয়ে বসিয়ে দিলেন মা। শিশুটিকে
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ ও পা গুরুতরভাবে
পুড়ে গিয়েছে। পাশপাশি তার শরীরে মারের চিহ্নও মিলেছে। এই অমানবিক ঘটনাটি
ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। অভিযুক্ত শিশুটির মা ললিতা মহাপাত্রকে গ্রেফতার
করা হয়েছে।
জানা গেছে, ২৫ বছরের ললিতার সঙ্গে তার প্রথম স্বামীর বিচ্ছেদ ঘটে তিন
বছর আগে। এরপরে তিনি আর আরেক জনের সঙ্গে বিয়ে করে থাকতে শুরু করেন। প্রথম
পক্ষের তিন সন্তানের কেবল ছোট সন্তানটিকেই সঙ্গে রেখে দিয়েছিলেন ললিতা।
একটি হোস্টেলের ওয়াচম্যানের কাজ করতেন তার নতুন স্বামী। আর ললিতা সেই
হোস্টেলেরই রাঁধুনির কাজে নিযুক্ত হন।
ললিতা জানান, তার স্বামী তার প্রথম ঘরের মেয়েটিকে একেবারেই পছন্দ করতেন
না। সেই সন্তানকে নিয়েই শুরু হয় গণ্ডগোল। এরই মধ্যে সেই মেয়েটি হোস্টেলের
এক আবাসিকের ল্যাপটপ খেলাচ্ছলে নীচে ফেলে দিলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। সেই
আবাসিকের অভিযোগ শুনেই রেগে যান ললিতা ও তার স্বামী। এর পরই শিশুটিকে
শাস্তি দিতে গিয়ে তাকে গরম কড়াইয়ে তুলে দেন ললিতা।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত মেয়েকে হাসপাতালে নিয়ে যান সেই দম্পতি।
কিন্তু মেয়েকে নিজের সন্তান বলে পরিচয় দেননি তারা। তারা জানান, এই মেয়েটি
পরিত্যক্ত, তারা একে রেলওয়ে প্ল্যাচফর্মে কুড়িয়ে পেয়েছেন। অভিযুক্ত
দম্পতির বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এক সমাজকর্মী
দাবি তুলেছেন, কেবল নিগ্রহ নয়, সে দম্পতির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ
আনা হোক।

কোন মন্তব্য নেই