স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে: পুতুল

Image result for স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে: পুতুল

বিজয় ডেস্ক: ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীদের জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে গুরুত্বারোপ করে অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বলেছেন, স্বাস্থ্যসেবায় অন্যদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে।

আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘এসডিজি বাস্তবায়নের জন্য সমন্বিত পুনর্বাসন সেবা নিশ্চিতকরণ’- এই প্রতিপাদ্য সামনে রেখে দুই দিনের সম্মেলনটি শুরু হয়। এতে বিশ্বের ১২টি দেশের চিকিৎসা ও পুনর্বাসন পেশাজীবী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী রিহ্যাবিলিটেশন প্রফেশনালদের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবিলিটেশন প্রফেশনের রেগুলেটরি বডি নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন সায়মা ওয়াজেদ।

এসময় সায়মা ওয়াজেদ পুতুল বলেন, দেশে স্বাস্থ্যসেবার ইতিহাসে দেখা যায় প্রথম থেকেই ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীরা অবহেলিত। তাদের সম্পর্কে সাধারণ মানুষের সঠিক ধারণার অভাব ছিল।

সবাইকে পুনর্বাসনসেবা সম্পর্কে জানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী-কন্যা বলেন, ‘মানুষের শারীরিক বিষয়গুলো, কথা বলা, হাতের ক্ষুদ্র কাজ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। আমাদের সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনের দৈনন্দিন কাজকে গতিশীল করতে হবে। তাদের নিজেদের ও  কর্মক্ষেত্রের কাজে সহযোগিতার পাশাপাশি তাদের মানসিক অনুভূতির উন্নয়নে কাজ করতে হবে।’

শুধু সরকার বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়, এই সমাজের দায়িত্ব সবার বলে মন্তব্য করেন তিনি।

ফিজিওথেরাপি পেশার সঙ্গে যুক্ত প্রফেশনালদের জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন নতুন গবেষণায় নিজেদের যুক্ত করে এই খাতকে আরো সমৃদ্ধ করবেন। স্বাস্থ্য খাতে পড়াশোনা কখনো শেষ হয় না। ধারাবাহিকভাবে নানা বিষয় সামনে আসে। আপনাদের যে নামেই ডাকা হোক না কেন আপনারা স্বাস্থ্যপেশাজীবী।’

ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীদের জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে সায়মা ওয়াজেদ বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব, একটি রেগুলেটরি বডি গঠন করে কীভাবে এই সেবা আরো যুগোপযোগী করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর মাধ্যমে নির্ধারণ করতে হবে এই পেশায় কারা কাজ করবেন এবং তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে।’
স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে: পুতুল
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নাসিম তার বক্তব্যে কলেজ অব ফিজিওথেরাপির জন্য বরাদ্দকৃত জমিতে যে বস্তি রয়েছে (মহাখালীর সততলা বস্তি) সেটি উচ্ছেদ করে সেখানে কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানান। ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, প্রোস্থেটিস্ট ও অর্থোটিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের জন্য কাউন্সিল এবং নিয়োগবিধি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.