কাহারোলে জয়নন্দ ডিগ্রী কলেজে এইচ.এস.সি’র ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রী কলেজে এইচ.এস.সি’র ফরম ফিলাপে পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে প্রকাশ, জয়নন্দ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র রায়ের নির্দেশে বোর্ডের বিজ্ঞান বিভাগে সেন্টার খরচ সহ ২১৩০/- টাকা ও মানবিক বিভাগে ১৮৩০/- টাকা। তা সত্ত্বেও নিজ ক্ষমতার বলে কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীদের নিকট থেকে ৩,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত ও মানবিক বিভাগে ৩,০০০ টাকা হারে নেওয়া হচ্ছে। ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়াকে কেন্দ্র করে ফরম ফিলাপে নিয়োজিত দুইজন প্রভাষকের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে জয়নন্দ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র রায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কত জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার জানা নেই এবং অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান। অপর একটি সূত্র থেকে জানা যায়, ৩টি বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের কাছে আরও অতিরিক্ত ৫০০/- টাকা হারে নিয়ে ফরম ফিলাপ করানো হচ্ছে। এব্যাপারে কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানাতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমাদের কিছুই করার নেই। এব্যাপারে অভিভাবক মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।


কোন মন্তব্য নেই