প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ খালেদা জিয়ার
বিজয় ডেস্ক: সম্প্রতি জিয়া পরিবার নিয়ে উত্থাপন করা বিভিন্ন অভিযোগের প্রমাণ দিতে না
পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া।
রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার
বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর এ তথ্য জানান।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নোটিশ পাঠানো হয়েছে।
মির্জা
ফখরুলবলেন, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন
করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা
বলেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে
কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা
জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি।
নোটিশে
বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও তার
পরিবারকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে
হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা
করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সুপ্রিম
কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার
খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী
কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের
উপদেষ্টা প্রফেসর শাহিদা রফিক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার
আবু আশফাক, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক
সাইয়েদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম
আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে
বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়,
বাংলাদেশে দুর্নীতি মামলায় বিচারের মুখে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সৌদি আরবে।


কোন মন্তব্য নেই