মুম্বাই হামলা নিয়ে পাকিস্তানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: দশ বছর পরেও কেন ২৬/১১-র মুম্বাই হামলার চক্রান্তকারী ও হামলাকীরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে আবারো প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। পাকিস্তানকে এখনই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য হুঁশিয়ারি দিয়েছে তারা। শুধু তাই নয়, হামলাকারীদের ধরে দিতে পারলে বা এদের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে জন্য ৫০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৫ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার) পুরস্কার মূল্য দেওয়া হবে বলেও ঘোষণা করেছে ওয়াশিংটন।
গতকাল রবিবার (২৬ নভেম্বর) মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও এক বিবৃতিতে এই হুঁশিয়ারির পাশাপাশি পুরস্কার মূল্যও ঘোষণা করেন। তিনি বলেন, “দশ বছর কেটে গেল, মুম্বই হামলায় আহত ও নিহতদের পরিবার এখনও বিচারের অপেক্ষায়। যারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হল না!”
মুম্বাই হামলার মূল চক্রী হিসেবে নাম উঠেছে লস্কর জঙ্গিগোষ্ঠীর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে। এই হামলায় তাঁর জড়িত থাকার প্রামাণ্য তথ্য আমেরিকা, পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু তার পরেও দেখা গিয়েছে হাফিজ পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, ভোটেও লড়ছেন!
এই প্রথম নয়, এর আগেও আমেরিকা মুম্বাই হামলার চক্রীর বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলেছিল। সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও তাদের চাপে রাখার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু তার পরেও পাকিস্তান কেন এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না, তা নিয়ে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন মাইক পম্পেও।
পম্পেও বলেন, “আমরা সমস্ত দেশকে ডেকেছি। বিশেষ করে পাকিস্তানকে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষেদের নিয়ম মেনে মুম্বই হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। বিশেষ করে লস্কর-ই-তইবা ও তার সহযোগী জঙ্গিগোষ্ঠীগুলিকে।”

কোন মন্তব্য নেই