পলাশবাড়ির যুবদল-ছাত্রদলের ১৮ নেতাকর্মী কারাগারে

karagar


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে ২ মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু জানান, পলাশবাড়ি উপজেলা সদরে গত ২০১৩ সালে অবরোধের সময় বাস ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় পলাশবাড়িতে চালের ট্রাকে আগুন দেয়ার ২টি ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসদমন আইনে পৃথক ২টি মামলা হয়। বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার ১৪ জনসহ উক্ত ২ মামলার মোট ১৮ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আসামী করা হয়। তারা সবাই পলাশবাড়ি থানা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। পলাশবাড়ি থানা যুবদলের য্গ্মু আহ্বায়ক আব্দুল মোত্তালেব সরকার বকুল, থানা ছাত্রদল যুগ্মআ্হ্বায়ক রাজু সরকার ও সোহেল রানা, পলাশবাড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিলন ও শামীম সরকারসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার তারা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিজ্ঞ বিচারক রাশেদা সুলতানা উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামাণিক বলেন, উচ্চ আদালতে আসামীদের জামিনের জন্য প্রার্থনা করা হবে। পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.