২৬ ফেব্রুয়ারির মধ্যে অভিজিৎ হত্যা মামলার চার্জশিট

২৬ ফেব্রুয়ারির মধ্যে অভিজিৎ হত্যা মামলার চার্জশিট

বিজয় ডেস্ক: কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারির মধ্যে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট দেয়া হবে।

তিনি রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

এই হত্যা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি হত্যা করা হয়। র‌্যাবের সহায়তায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অভিজিৎ রায়ের কিলার গ্রুপদের তথ্যপ্রযুক্তির সাহায্যে ঘটনা সংঘটিত হওয়ার কিছু দিন পরই চিহ্নিত করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকৃতদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অভিজিৎ হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী মুকুল রানা ওরফে শরীফ গত বছর পুলিশের অভিযানে নিহত হয়।

অভিজিৎকে হত্যার মোটিভ সম্পর্কে তিনি বলেন, অভিজিৎ মুক্তমনা লেখক ছিলেন, এটা হামলাকারীদের মতাদর্শ বিরোধী ছিল বলে তারা হামলা করে। অভিজিতের বই প্রকাশ করায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং আহমেদ রশিদ টুটুলকে হত্যার চেষ্টা চালায় হামলাকারীরা।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশের বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.