কুড়িগ্রামে বাড়িতে বসে জেএসসি পরীক্ষা !



বিজয় ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে রাশেদুল আলম নামের এক জেএসসি পরীক্ষার্থী বাড়িতে বসেই পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় ওই ছাত্রকে বহিষ্কার করা হলেও কক্ষ পর্যবেক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে এ ঘটনাটি ঘটে।

শৌলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র কক্ষের চার পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক আতাউর, সাহিদুর রহমান, সাহিনুর ইসলাম ও আবু সাইদ জানান- পরীক্ষা শুরুর সময় কক্ষে অনেক পরীক্ষার্থী ছিল। কিন্তু কখন যে পরিক্ষার্থী রাশেদুল আলম উত্তরপত্র নিয়ে বেরিয়ে গেছে তা খেয়াল করা হয়নি। শেষে খাতা জমা নেয়ার সময় দেখা যায় একটি খাতা কম। এরপরপরই বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হয়।

শৌলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব শহিদুল ইসলাম লিচু বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলা অবস্থায় ১১ নম্বর কক্ষের পরীক্ষার্থী সোনাভরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাশেদুল আলম কক্ষ পর্যবেক্ষকদের অগোচরে উত্তরপত্র নিয়ে বাড়িতে চলে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর একটি উত্তরপত্র কম থাকায় ওই ছাত্রের খাতা নিয়ে যাওয়ার বিষয়টি জানা যায়। পরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা তার (ছাত্র) বাড়ি থেকে খাতা উদ্ধার করে। পরে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে পরীক্ষার্থীর বাবা ও শৌলমারী এম আর স্কুল শাখার সহকারী শিক্ষক জয়নাল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমিও এই কেন্দ্রের দায়িত্বরত কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োজিত। কিন্তু আমার ছেলে কখন উত্তরপত্র খাতাটি নিয়ে গেছে, তা আমার জানা নেই।

জেএসসি পরীক্ষার্থী রাশেদুল আলম বলেন, পরীক্ষার হলে খাতায় লেখা শেষ হয় নির্দিষ্ট সময়ে। পরে আমি আমার বন্ধু লেবুকে খাতাটি স্যারকে দেয়ার জন্য বলি। পরে স্যারকে দিয়েছে কি না আমার জানা নেই। পরে আমার বাড়িতে কিভাবে খাতাটি এসেছে তা জানি না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহালম পারভেস বলেন, পরীক্ষার উত্তরপত্র বাড়িতে নিয়ে যাওয়ায় ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।

রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বাড়িতে উত্তরপত্র নেয়া ও বহিষ্কার হয়েছে এ বিষয় শুনেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো শিক্ষক এর সঙ্গে জরিত থাকলে তদন্ত করে কক্ষ পর্যবেক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.