খুলনা-কলকাতা ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী



ঢাকা: খুলনা থেকে কলকাতা পর্যন্ত চলাচলকারী মৈত্রী ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজ নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটি উদ্বোধন করেন।বাংলাদেশ রেলওয়ের উপ-মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান বলেন, খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার পর খুলনা-কলকাতা থেকে যাত্রীবাহী লাল-সবুজ ট্রেনের চলাচল আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এই ট্রেনের পরীক্ষামূলক উদ্বোধন করেন।
তিনি বলেন, দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস নামে এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধিসহ আন্তর্জাতিক ট্রান্স-এশিয়ান রেলরুটে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ। এতে রেলপথে পণ্য আমদানি-রপ্তানির সুবিধাসহ যাত্রীবাহী ট্রেন চলাচল বৃদ্ধি পাবে।
জানা যায়, ট্রেনটি সপ্তাহে দুই দিন কলকাতা ও খুলনার মধ্যে চলাচল করবে। কলকাতা থেকে খুলনার দূরত্ব ১৭৫ কিলোমিটারের মতো। এই পথ অতিক্রম করতে সময় নেবে প্রায় সাড়ে চার ঘণ্টার কাছাকাছি। নতুন ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে খুলনায় পৌঁছে রাতেই ফিরে আসবে কলকাতায়। নতুন এই ট্রেনটিতে আসন সংখ্যা থাকছে ৪৫৬টি। এর মধ্যে ৩১২টি এসি চেয়ার ও কেবিন চেয়ার থাকছে ১৪৪টি। যদিও ট্রেনের টিকিটের মূল্য নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.